বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও আধুনিক, সুসংহত ও অধিকারভিত্তিক করার জোর দাবি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এই অভিমত প্রকাশ করেন। সভায় নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নীতি, আন্তর্জাতিক অঙ্গীকার ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে কার্যকর সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের অভ্যন্তরে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা অনেক সহজ হবে। এ জন্য প্রথাগত বাজার নির্ভরতা কমিয়ে বৈদেশিক শ্রমবাজারকে বহুমুখী করা এবং প্রবাসীদের অধিকার সুরক্ষায় সরকার ও সংশ্লিষ্ট সকল অংশীদারকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসীবান্ধব নীতি প্রণয়ন এবং মাঠ প্রশাসনের মাধ্যমে প্রবাসীদের সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে অভিবাসনপ্রবণ ১৪টি জেলার জেলা প্রশাসকেরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার বাস্তব চিত্র, অভিবাসীদের সামাজিক নিরাপত্তা ও মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের অবস্থান ও বৈশ্বিক অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন। মতবিনিময়সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থা আইওএম-এর প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন।