ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক ও অর্থনৈতিক অভিযানে ওয়াশিংটনের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) স্কট বেসেন্ট বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে সরাসরি অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক তীব্র বার্তায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সম্প্রতি আন্তর্জাতিক কৌশলগত জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল বহিরা বিশ্বে পাঠানোর বিষয়ে স্কট বেসেন্ট এক্সে একটি দাবি উত্থাপন করেন। ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন ইরানি আইনসভার প্রধান।
মার্কিন অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিবাফ লেখেন, সঠিক হিসাব পেতে সংশ্লিষ্ট কর্মীদের মুডি’স-এর সাম্প্রতিক প্রতিবেদন পর্যালোচনা করার পরামর্শ দেওয়া উচিত, যেখানে যুদ্ধের প্রকৃত ব্যয় ১৩০ বিলিয়ন ডলারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে তেলের ফিউচার মার্কেটে শর্ট পজিশন নিতে গিয়ে আর্থিক প্রতিষ্ঠান জেন স্ট্রিট কীভাবে এক ধাক্কায় ১৩০ মিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে, তা-ও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের প্রতি ইঙ্গিত করে ইরানি স্পিকার বেশ কড়া ভাষায় আরও লেখেন যে, মিথ্যা তথ্যের ওপর ভর করে সত্য ঢাকা সম্ভব নয়, যার স্পষ্ট প্রভাব পড়ছে ট্রেজারি বন্ডের ক্রমাগত বাড়তে থাকা সুদের হারে।