মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

লেনিনগ্রাদের আঞ্চলিক গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো গণমাধ্যমকে জানিয়েছেন, ওই দিন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত তৎপরতার সঙ্গে ১১৩টি ইউক্রেনীয় ড্রোন আকাশেই ধ্বংস করেছে।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত দেশটির দ্বিতীয় সর্ববৃহৎ তেল শোধনাগার কিরিশিনেফতেওর্গসিনতেজে (সংক্ষেপে কিনেফ) শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

গত সোমবারের এই আকস্মিক হামলায় শোধনাগারটির অন্তত তিনটি মূল প্রক্রিয়াকরণ কেন্দ্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ইউরোপভিত্তিক সংবাদমাধ্যম ইউরো নিউজ এই খবর প্রকাশ্যে এনেছে।

লেনিনগ্রাদের আঞ্চলিক গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো গণমাধ্যমকে জানিয়েছেন, ওই দিন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত তৎপরতার সঙ্গে ১১৩টি ইউক্রেনীয় ড্রোন আকাশেই ধ্বংস করেছে। তবে ভূপাতিত হওয়া একটি ড্রোনের ভাঙা অংশ ভসেভোলোজস্ক নামক শহরের একটি সুউচ্চ আবাসিক ভবনের ছাদে আছড়ে পড়লে স্থানীয় এক নাগরিক প্রাণ হারান। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার গভীর রাতে ইউক্রেনের ১৪টি অঞ্চলসহ মস্কোর নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় সব মিলিয়ে ৪৩০টি ড্রোন প্রতিহত করেছে তাদের সামরিক বাহিনী। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, রাশিয়ার এই বিশাল সংখ্যক ড্রোন ভূপাতিত করার দাবির সত্যতা তারা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

সুরগুতনেফতেগাজ কোম্পানির মালিকানাধীন এই কিনেফ শোধনাগারটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এবং ওমস্কের পর পুরো দেশের দ্বিতীয় প্রধান তেল প্রক্রিয়াকরণ স্থাপনা। বছরে প্রায় এক কোটি আশি লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা হয় এখানে, যা রাশিয়ার সার্বিক সক্ষমতার প্রায় সাত শতাংশের সমান। এই বৃহৎ কেন্দ্র থেকে পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল, বিটুমিন ও পেট্রোকেমিক্যাল সামগ্রীর পাশাপাশি উড়োজাহাজের জ্বালানিও তৈরি হয়। সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত পুলকোভো বিমানবন্দরেও নিয়মিত এখান থেকেই বিমানের জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। মূলত কারিগরি নকশা অনুযায়ী স্থাপনাটির বার্ষিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দুই কোটি থেকে দুই কোটি দশ লাখ টন পর্যন্ত।

ইউক্রেন যখন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে, ঠিক তখন ইউক্রেনের মাটিতেও থেমে নেই রুশ বাহিনীর আগ্রাসন। ইউক্রেনের বিমানবাহিনীর দেওয়া তথ্যমতে, সোমবার সন্ধ্যা থেকে দেশটিতে মোট ৩১৭টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। নিক্ষিপ্ত ড্রোনের মধ্যে ১০৫টি ছিল আধুনিক জেট ইঞ্জিনচালিত এবং বাকিগুলোর মধ্যে গেরবেরা, দান-টি, বান্দেরোলসহ দিকভ্রান্ত করার উপযোগী বেশ কিছু ড্রোনও যুক্ত ছিল। কিয়েভের দাবি, এর মধ্যে ২৭৬টি ড্রোন আকাশেই নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। তবে ৩১টি ড্রোন নির্দিষ্ট নিশানায় সফলভাবে আঘাত হেনেছে এবং আরও নয়টি জায়গায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে।

রুশ বাহিনীর এই অব্যাহত হামলায় ইউক্রেনের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার সকালে ওদেসা শহরের একটি খাদ্য গুদামে চালানো ড্রোন হামলায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হন। দনিপ্রোপেত্রোভস্ক এলাকায় প্রাণ হারিয়েছেন দুজন এবং আহত হয়েছেন সাতজন। এছাড়া মঙ্গলবার রাতের বেলা খারকিভ অঞ্চলে চালানো হামলায় এক শিশুসহ নয়জন এবং জাপোরিঝঝিয়া ও এর আশপাশের এলাকায় আরও এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। পোলতাভা প্রদেশের ক্রেমেনচুকে হওয়া ড্রোন হামলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি চিকিৎসাকেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ১৬ বছরের এক কিশোরসহ সাতজন জখম হয়েছেন। এর পাশাপাশি সুমি অঞ্চলে বিদ্যুৎকর্মীদের বহনকারী একটি গাড়িতে রুশ বাহিনী আঘাত হানলে তিন বিদ্যুৎকর্মী আহত হন।