মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

গাজায় অর্থ সহায়তার নির্দেশ ছিল নেতানিয়াহুর, স্যুটকেস ভর্তি ডলার পাঠাতো কাতার

ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় কাতারের অর্থ সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছিল ইসরায়েল সরকার। এমনকি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগপর্যন্ত এই অর্থ সহায়তা চালু রাখতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছিলেন, কাতারের এই অর্থ হামাসের শক্তি বাড়াতে সহায়তা করছে। তা সত্ত্বেও নেতানিয়াহু অর্থ সরবরাহ বন্ধ করতে রাজি হননি।

গাজায় অর্থ সহায়তার নির্দেশ ছিল নেতানিয়াহুর, স্যুটকেস ভর্তি ডলার পাঠাতো কাতার
৫ অক্টোবর ২০২৬ তারিখে উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ধ্বংসপ্রাপ্ত দালানকোঠার একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন ফিলিস্তিনিরা (এএফপি)।

ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় কাতারের অর্থ সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছিল ইসরায়েল সরকার। এমনকি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগপর্যন্ত এই অর্থ সহায়তা চালু রাখতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছিলেন, কাতারের এই অর্থ হামাসের শক্তি বাড়াতে সহায়তা করছে। তা সত্ত্বেও নেতানিয়াহু অর্থ সরবরাহ বন্ধ করতে রাজি হননি।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের নীতি বাস্তবায়নে কাতারকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল।

২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত নেতানিয়াহুর নেতৃত্বে এই নীতি পরিচালিত হয়। এর আওতায় কাতারের কর্মকর্তারা গাজায় কয়েক কোটি মার্কিন ডলার নগদ অর্থ পাঠান। ইসরায়েল ও হামাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দুই পক্ষের সম্পর্ক স্থিতিশীল রাখার উদ্দেশ্যে এই অর্থ দেওয়া হতো।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কাতারকে অর্থ পাঠানোর অনুরোধ জানাতেন ইসরায়েল সরকারের কর্মকর্তা ও নিরাপত্তা বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা। অন্যদিকে, কাতারের কাছ থেকে দামি উপহারও পেয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। এসব উপহারের মূল্য ছিল হাজার থেকে কয়েক লাখ ইসরায়েলি শেকেল।

গাজা নিয়ে কাতার ও ইসরায়েলের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি প্রথম আলোচনায় আসে ২০১১ সালে। ওই সময় ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজির উদ্যোগে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।

প্যারিসের প্রেসিডেন্ট প্রাসাদে ওই বৈঠকে অংশ নেন নেতানিয়াহু ও কাতারের তৎকালীন প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম বিন জাবের আল থানি। বৈঠকে আল থানি হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনাসদস্য গিলাদ শালিতকে মুক্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দেন। ২০০৬ সাল থেকে হামাসের হাতে বন্দি ছিলেন শালিত।

একই বৈঠকে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনে সহায়তার প্রস্তাবও দেন কাতারের প্রধানমন্ত্রী। এ জন্য সিমেন্ট ও লোহার মতো নির্মাণসামগ্রী সরবরাহের কথা জানান তিনি।

২০১১ সালের শেষ দিকে মিসরের মধ্যস্থতায় গিলাদ শালিত মুক্তি পান। এর পরপরই কাতার ও ইসরায়েলের মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল কাতারের কর্মকর্তাদের গাজায় প্রবেশের অনুমতি দেয়। অন্যদিকে, ২০১২ সালে গাজায় ৪০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় কাতার।

এর দুই বছর পর ২০১৪ সালে গাজায় ইসরায়েলের যুদ্ধের পর এই সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। সে সময় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডটির পুনর্গঠনে ১০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেয় দোহা।

নিরাপত্তা সংস্থার সতর্কবার্তা উপেক্ষা, গাজায় ডলারের চালান

ওই বছরগুলোতে ইসরায়েল সরকারের পূর্ণ অনুমোদন নিয়ে কাতার থেকে লাখ লাখ ডলার নগদ অর্থ গাজায় পাঠানো হতো। এসব অর্থ স্যুটকেসে ভরে গাজায় পৌঁছে দেওয়া হতো। তবে পুরো কার্যক্রমটি গোপন রাখা হয়েছিল। এমনকি ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর অনেক কর্মকর্তাকেও এ বিষয়ে জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় কাতারের প্রতিনিধি মোহাম্মদ আল-এমাদি এই অর্থ পাঠানোর কার্যক্রমের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন। বছরের পর বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

গাজায় নগদ অর্থভর্তি স্যুটকেস পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আল-এমাদির ওপর। শুরুতে তাঁর এই কর্মকাণ্ড ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। তবে সংস্থাটি সংক্ষিপ্ত তদন্তের পর জানতে পারে, নেতানিয়াহুর অনুমোদনেই এসব অর্থ পাঠানো হচ্ছে।

বছরের পর বছর ধরে গাজায় কাতারের অর্থ সহায়তা বন্ধ করার একাধিক সুযোগ পেয়েছিলেন নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে সতর্ক করে বলেছিলেন, এই অর্থ হামাসের সামরিক ও সাংগঠনিক শক্তি বাড়াতে সহায়তা করছে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী এসব সতর্কবার্তা আমলে নেননি। হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা পর্যন্ত তিনি এই নীতি অব্যাহত রাখেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের অর্থ গাজায় পাঠানোর পদ্ধতি পরিবর্তন করে ইসরায়েলি মুদ্রা শেকেলে রূপান্তর এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে তা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন সামরিক কর্মকর্তারা। কিন্তু নেতানিয়াহু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি চেয়েছিলেন, অর্থ যেন ডলারেই সরাসরি হামাসের কাছে পৌঁছায়।

নিরাপত্তা কর্মকর্তাদের বারবার সতর্কতা সত্ত্বেও তাঁদের উদ্বেগকে গুরুত্ব দেননি নেতানিয়াহু। বরং ইসরায়েল ও কাতারের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়িয়ে তুলেছেন বলে অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে কাতার যখন গাজায় অর্থ পাঠানো বন্ধ করার উদ্যোগ নেয়, তখন নেতানিয়াহু তৎকালীন মোসাদপ্রধান ইয়োসি কোহেনকে বিকল্প অর্থের উৎস খুঁজে বের করার নির্দেশ দেন।

প্রতিবেদন অনুযায়ী, কাতারের পরিবর্তে গাজায় অর্থ সহায়তা দেওয়ার জন্য কোহেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির তৎকালীন শাসক ও বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।

তবে দুই নেতাই এই প্রস্তাবে রাজি হননি। এরপর কাতারকে গাজায় অর্থ সহায়তা অব্যাহত রাখতে রাজি করানোর দায়িত্ব দিয়ে কোহেনকে দোহায় পাঠানো হয়।

শেষ পর্যন্ত ২০২৩ সাল পর্যন্ত গাজায় অর্থ পাঠানো অব্যাহত রাখে কাতার। প্রতিবেদনে বলা হয়েছে, এই দায়িত্ব পালনের সময় কাতারের প্রতিনিধি আল-এমাদি ইসরায়েলি সেনাবাহিনী, মোসাদ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের লক্ষাধিক শেকেল মূল্যের উপহার দেন।

ইসরায়েলি সেনাবাহিনীর বর্তমান মুখপাত্র এফি ডেফরিনও কাতারের কাছ থেকে উপহার পেয়েছিলেন। ২০২২ সালে তিনি সেনাবাহিনীর মুখপাত্র ইউনিটের অন্য একটি দায়িত্বে ছিলেন। ওই সময় তাঁর পাশাপাশি সামরিক বাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপহার দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি ও সতর্কবার্তা সত্ত্বেও নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গাজায় কাতারের অর্থ সহায়তা পাঠানোর নীতি অব্যাহত রেখেছিলেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার মাত্র এক সপ্তাহ আগেও কাতারের কাছ থেকে অতিরিক্ত অর্থ সহায়তা নিশ্চিত করতে মোসাদকে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু।

ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

সূত্র: মিডিল ইস্ট আই