মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

৬৭ বছরের রেকর্ড ভেঙে যেসব ইতিহাস গড়ল ইসরায়েলের নতুন পার্লামেন্ট

নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই অচলাবস্থা কাটিয়ে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বে ইসরাইলের ২৬তম পার্লামেন্ট বা নেসেটে শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাঁদের মধ্যে ৪৬ জনই নতুন। এর মধ্য দিয়ে দেশটির ৬৭ বছরের ইতিহাসে কিছু বিশেষ রেকর্ড তৈরি হয়েছে।

৬৭ বছরের রেকর্ড ভেঙে যেসব ইতিহাস গড়ল ইসরায়েলের নতুন পার্লামেন্ট
ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট), ছবি: সংগৃহীত।

নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই অচলাবস্থা কাটিয়ে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বে ইসরাইলের ২৬তম পার্লামেন্ট বা নেসেটে শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাঁদের মধ্যে ৪৬ জনই নতুন। এর মধ্য দিয়ে দেশটির ৬৭ বছরের ইতিহাসে কিছু বিশেষ রেকর্ড তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ফিলিস্তিনের জেরুজালেমে পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। এবার ৩৩ জন নারী নেসেটের সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ২০২২ সালে শপথ নেওয়া ২৫তম পার্লামেন্টে নারী সদস্য ছিলেন ২৯ জন। নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের মধ্যে ১৫টিতেই রয়েছেন নতুন মুখ।

নতুন পার্লামেন্টের সবচেয়ে বেশি বয়সী সদস্য লিকুদ পার্টির হাইম কাটজ। আগামী মাসে তাঁর বয়স ৭৯ বছর পূর্ণ হবে। অন্যদিকে সবচেয়ে কম বয়সী সদস্য হচ্ছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বিয়াখাদ পার্টির ইয়োনাতান শালেভ। তাঁর বয়স মাত্র ২৪ বছর। এর মধ্য দিয়ে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পার্লামেন্ট সদস্য হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ১৯৫৯ সাল থেকে অক্ষত থাকা মোশে নিসিমের রেকর্ড ভাঙবেন শালেভ।

নেসেটের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা সদস্য হলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৮৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর সব মিলিয়ে ৩৫ বছর পার্লামেন্ট সদস্য ছিলেন গণহত্যার দায়ে দণ্ডিত নেতানিয়াহু।

নতুন সদস্যদের মধ্যে আলোচনায় রয়েছেন বিয়াখাদ পার্টির নোয়াম তিবন। ইসরাইলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন নিজের ছেলে ও হারেৎজ পত্রিকার সাংবাদিক আমির তিবন এবং তাঁর পরিবারকে উদ্ধারে একাই অভিযানে নেমেছিলেন তিনি। ওই সময় তাঁরা গাজা সীমান্তের কাছে নাহাল ওজ কিবুতজে আটকা পড়েছিলেন।

লিকুদ পার্টি থেকে নতুন সদস্য হিসেবে নেসেটে যোগ দিচ্ছেন এলিশা মাদান। তিনি ইসরাইলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য। ২০২৪ সালে গাজায় যুদ্ধ চলাকালে বিস্ফোরণে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরায়েল বেইতেনু পার্টির নতুন সদস্য শ্যারন শারাবির পারিবারিক ঘটনাও আলোচনায় এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় তাঁর ভাই ইয়োসি শারাবিকে অপহরণ করা হয়। পরে বন্দিদশাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর আরেক ভাই এলি শারাবি প্রায় ৫০০ দিন গাজায় বন্দি ছিলেন। ওই সময়ে তাঁর স্ত্রী ও দুই মেয়েকে বেরি কিবুতজে হত্যা করা হয়েছিল।

নতুন সদস্যদের তালিকায় রয়েছেন ইয়াশার পার্টির শিরা শাপিরোও। তিনি ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তা আনার শাপিরোর মা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় একটি সড়কের পাশে থাকা বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়ে একাধিক গ্রেনেড প্রতিহত করেছিলেন আনার। পরে তিনি নিহত হন।

তবে নতুন পার্লামেন্টে বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতিও রয়েছে। তাঁদের একজন লিকুদ পার্টির জ্যাকব বারদুগো। দীর্ঘদিন ধরে তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ডানপন্থী রেডিও উপস্থাপক হওয়ার পাশাপাশি সরকারপন্থী চ্যানেল ১৪-এর ভাষ্যকার হিসেবেও কাজ করেন তিনি। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি লিকুদ পার্টির কয়েকজন সংসদ সদস্য তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগও তুলেছিলেন।

বিতর্কিত নতুন সদস্যদের মধ্যে আরও রয়েছেন উতজমা ইয়েহুদিত পার্টির চানামেল ডরফম্যান। দলটির প্রধান ইতামার বেন গভিরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী তিনি। বসতি স্থাপনকারী তরুণদের উগ্রপন্থী গোষ্ঠী ‘হিলটপ ইয়ুথ’-এর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অতীতে তাঁকে নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত একাধিকবার তদন্ত করেছে। এ ছাড়া পশ্চিম তীরে তাঁর প্রবেশ ঠেকাতে ইসরাইলি সেনাবাহিনী প্রশাসনিক নিষেধাজ্ঞাও জারি করেছিল।