বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে জলযান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সেবামূল্য ধার্যের সংক্রান্ত একটি খসড়া বিল চূড়ান্ত করেছে ইরানের আইনসভার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি।
দেশটির বার্তা সংস্থা আইআরএনএ সূত্রে জানা গেছে, প্রণালীর নিরাপত্তা জোরদার ও কৌশলগত উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত প্রস্তাবের একটি বিশেষ অংশ সম্প্রতি ওই কমিটিতে পাস হয়।
অনুমোদিত ধারা অনুযায়ী, এই জলপথ ব্যবহারের অনুমতি পাওয়া বিদেশি বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজকে ইরানের পক্ষ থেকে প্রদত্ত নানা সেবার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে।
সংসদের উক্ত কমিটির মুখপাত্র হাসান কাশকাভি জানান, সামুদ্রিক রুট পরিচালনা, পরিবেশের সার্বিক ভারসাম্য সুরক্ষা, জরুরি মুহূর্তে জ্বালানি সরবরাহ ব্যবস্থা, বিশেষ বিমা এবং পথ নিরাপত্তা বিধানের মতো নানাবিধ সেবার বিপরীতে এই মাশুল নেওয়া হবে। তিনি আন্তর্জাতিক সামুদ্রিক আইন কনভেনশনের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, পারস্য উপসাগর ও সংলগ্ন প্রণালী অঞ্চলের কৌশলগত বাস্তবতার কথা মাথায় রেখে এবং উপকূলীয় রাষ্ট্র হিসেবে নিজেদের অধিকার সুরক্ষার্থেই এই খসড়া তৈরি করা হয়েছে।
তিনি বিষয়টি স্পষ্ট করে জানান যে, কেবল অনুমোদিত জাহাজগুলোর ওপরই এই সার্ভিস ফি প্রযোজ্য হবে। ধার্য করা এই ফি ইরানি মুদ্রা রিয়াল কিংবা দেশের অর্থ মন্ত্রণালয় নির্দেশিত যেকোনো বৈদেশিক মুদ্রার মাধ্যমে পরিশোধ করার সুযোগ রাখা হবে।
তবে এটি এখনো প্রাথমিক খসড়া পর্যায়ে অবস্থান করছে। সরকারের এই পরিকল্পনা পুরোপুরি কার্যকর করতে পরবর্তীতে পার্লামেন্টের মূল অধিবেশনে ভোটাভুটিসহ বেশ কয়েকটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অতিক্রম করতে হবে।