শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ডলার ছুঁই ছুঁই

ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ডলার ছুঁই ছুঁই
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চরম আকার ধারণ করায় বৈশ্বিক বাজারে টানা চার দিনের মতো জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে প্রায় একশো ডলার ছুঁইছুঁই করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, আন্তর্জাতিক সময়ানুযায়ী বুধবার মধ্যরাতের পর লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়।

একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামেও বড় ধরনের উর্ধগতি লক্ষ্য করা গেছে। ডব্লিউটিআই ক্রুডের দর ব্যারেলে ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে বর্তমানে ৯৪ দশমিক ৬৩ ডলারে কেনাবেচা হচ্ছে।

মূলত পারস্য উপসাগরীয় এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের সাম্প্রতিক জোরালো হামলার পর জ্বালানি বাজারে এই অস্থিরতা তৈরি হয়। একইসঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে।

দীর্ঘ প্রায় আধাবছর ধরে চলা এই পরাশক্তিগুলোর সামরিক লড়াই বন্ধের কোনো আশা দেখা না যাওয়ায় এবং নতুন করে সহিংসতা বাড়ায় বিশ্বজুড়ে তেলের নির্বিঘ্ন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অস্থিরতার সরাসরি ধাক্কা এসে পড়েছে বিশ্ববাজারে।

পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের প্রথম দিক থেকে হিসেব করলে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে প্রায় চারভাগের একভাগ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে তেলের বাজারদর যেকোনো মুহূর্তে ১০০ ডলারের গণ্ডি পেরিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।