মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

ইরান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজের যাতায়াত ৪৫টি থেকে একলাফে ৩৩টিতে নেমে এসেছে।

ইরান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

ইরানকে কেন্দ্র করে উদ্ভূত যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে এক সপ্তাহের ব্যবধানে জাহাজ চলাচল প্রায় ২৮ শতাংশ হ্রাস পেয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ওই অঞ্চল দিয়ে যাতায়াতকারী নৌযানের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে মাত্র ৭৭টিতে দাঁড়িয়েছে।


নৌযান চলাচল নজরদারিকারী সংস্থা কেপলারের পর্যালোচনায় দেখা যায়, প্রণালিটি দিয়ে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজের যাতায়াত ৪৫টি থেকে একলাফে ৩৩টিতে নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তেহরানের বেঁধে দেওয়া বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে অধিকাংশ নৌযান। তথ্য অনুযায়ী, ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে যাতায়াত করা ২৮টি জাহাজের মধ্যে ২১টিই ইরানের নির্ধারিত রুট অনুসরণ করেছে। এমনকি পরবর্তী দিনে চলাচলকারী আটটি সমুদ্রগামী জাহাজের সাতটিকেই প্রচলিত আন্তর্জাতিক রুট এড়িয়ে ওই বিকল্প পথ ব্যবহার করতে দেখা গেছে।

পরিস্থিতি বিশ্লেষণ করে পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, জাহাজ চলাচলের এই বিশাল পতন এবং ইরানের নির্দেশিত পথে চলাচলের বাধ্যবাধকতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে স্পষ্ট যে বিদ্যমান সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমে। এই নাজুক পরিস্থিতি ভবিষ্যতে দীর্ঘস্থায়ী রূপ নেয় কি না, সেদিকেই নজর রাখছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ এই হরমুজ প্রণালিতে চলাচলে কঠোর কড়াকড়ি আরোপ করে ইরান। বিশ্বের মোট ব্যবহৃত অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ এই জলপথ দিয়ে সরবরাহ হওয়ায় বৈশ্বিক বাজারেও ইতোমধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রবল প্রভাব পড়তে শুরু করেছে।

সূত্র : আল জাজিরা