শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব: জর্জিয়া মেলোনি

ইতালিতে স্থায়ী ভবিষ্যৎ গড়তে হলে এখানকার ভাষা জানা, সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং রাষ্ট্রীয় বিধিমালার প্রতি আনুগত্য প্রকাশ করা প্রত্যেকের জন্য আবশ্যক।

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব: জর্জিয়া মেলোনি
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোরকা ও নিকাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর উপস্থিতির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইতালি। আসন্ন সাধারণ নির্বাচনে অভিবাসন ইস্যুটি রাজনীতির কেন্দ্রে চলে আসার পূর্বাভাসের মধ্যেই রোববার এই নীতিগত পরিবর্তনের রূপরেখা তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

রাজধানী রোমে নিজের রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির যুব শাখার জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, যেসব বিদেশি শিক্ষার্থী স্থানীয় শিক্ষা কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে, তাদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে। মেলোনি জোর দিয়ে বলেন, ইতালিতে স্থায়ী ভবিষ্যৎ গড়তে হলে এখানকার ভাষা জানা, সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং রাষ্ট্রীয় বিধিমালার প্রতি আনুগত্য প্রকাশ করা প্রত্যেকের জন্য আবশ্যক। সরকারের মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বিধিমালাটি আইনে পরিণত করতে দেশটির আইনসভার দুই কক্ষের অনুমোদন নিতে হবে পরবর্তী ৬০ দিনের মধ্যে। কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা এসব তথ্য সামনে এনেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী রাজনৈতিক ইতিহাসে ইতালিতে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করছে মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি জোট সরকার। তবে ২০২৭ সালের নির্বাচনকে কেন্দ্র করে তুলনামূলক কট্টর অবস্থানে থাকা ন্যাশনাল ফিউচার দলের পক্ষ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তার দল। সাম্প্রতিক মাসগুলোতে জনমত জরিপে দলটির অবস্থান ক্রমাগত শক্তিশালী হচ্ছে, যারা এর আগেই শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় আবরণ ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে দাবি জানিয়েছিল।

বর্তমানে ইতালীয় আইনে বোরকা বা নিকাব সরাসরি বেআইনি নয়। ১৯৭৫ সালের একটি পুরোনো নিরাপত্তা আইনে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত পরিচয় গোপনকারী হেলমেট বা পোশাকের ব্যবহারে সীমাবদ্ধতা রাখা হয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালের এক বিচারিক নির্দেশনায় স্পষ্ট করা হয় যে, পরিচয় শনাক্তকরণের সময় মুখ দেখাতে সম্মত থাকা সাপেক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে মুখাবরণ পরিধানে বাধা নেই। এদিকে চলতি বছরের শুরুতে মেলোনির জোটের অংশীদার লিগ পার্টি একটি খসড়া প্রস্তাব আনে, যেখানে ধর্মীয় উপাসনালয় ও ক্রীড়াঙ্গন ছাড়া জনসমক্ষে মুখ ঢাকা রাখে এমন পোশাক বা সামগ্রী নিষিদ্ধের দাবি তোলা হয়েছিল।

একই সঙ্গে প্রতিটি শ্রেণিকক্ষে বহিরাগত বংশোদ্ভূত শিক্ষার্থীদের অনুপাত আইনগতভাবে নির্ধারণের বিষয়টিও নতুন ঘোষণায় অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। যদিও দেশটিতে আগে থেকেই স্কুল ও ক্লাসরুমে বিদেশি পড়ুয়াদের অনুপাত সর্বোচ্চ ৩০ শতাংশ রাখার একটি বিধি কার্যকর রয়েছে। জাতীয় পরিসংখ্যানে বর্তমানে স্কুলপর্যায়ে বিদেশি নাগরিক শিক্ষার্থীর হার প্রায় ১২ শতাংশের কাছাকাছি। নতুন প্রস্তাবনায় এই নির্ধারিত কোটায় কী ধরনের রূপান্তর আনা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেননি মেলোনি।