শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

হুথিদের সঙ্গে ওয়াশিংটন ‘সরাসরি আলোচনা’ চালিয়ে যাচ্ছে: জেডি ভ্যান্স

রিয়াদ ও আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশীদার দেশগুলোর সঙ্গে ক্রমাগত সমন্বয় বজায় রাখছে ওয়াশিংটন। উদ্ভূত এই পরিস্থিতিকে মার্কিন প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

হুথিদের সঙ্গে ওয়াশিংটন ‘সরাসরি আলোচনা’ চালিয়ে যাচ্ছে: জেডি ভ্যান্স
মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ হুথিদের হাতে চলে যাওয়ার প্রেক্ষাপটে ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছে ওয়াশিংটন। সার্বিক পরিস্থিতি বর্তমানে তাদের সম্পূর্ণ নজরে ও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন।

কানসাস সফরের উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে মেরিল্যান্ডের সামরিক বিমানঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সে সময় হুথিদের দ্বীপ দখলের ঘটনায় হোয়াইট হাউস উদ্বিগ্ন কি না এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কী হতে যাচ্ছে, তা জানতে চাওয়া হয়।

উত্তরে ভ্যান্স জানান, রিয়াদ ও আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশীদার দেশগুলোর সঙ্গে ক্রমাগত সমন্বয় বজায় রাখছে ওয়াশিংটন। উদ্ভূত এই পরিস্থিতিকে মার্কিন প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও নিশ্চিত করেন, কেবল মিত্ররাই নয়, হুথি প্রতিনিধিদের সঙ্গেও ওয়াশিংটনের সরাসরি যোগাযোগের পথ খোলা রয়েছে। ফলে সামগ্রিক গতিপ্রকৃতি তাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই তারা মনে করছেন।

বর্তমান আঞ্চলিক অবস্থাকে অত্যন্ত পরিবর্তনশীল ও স্পর্শকাতর আখ্যা দিয়ে তিনি বলেন, মার্কিন প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাবে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করা হবে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘাত সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যখন চরম অস্থিরতা বিরাজ করছে, তখনই এমন কৌশলগত প্রতিক্রিয়া জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।


সূত্র : আনাদোলু