সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ারে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল সোভেরেইন ওয়েলথ ফান্ডের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত এই সুউচ্চ ভবনটি হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রের অভিঘাতে ভবনটির সাত থেকে আটটি তলার কাঁচ ভেঙে গেছে এবং ধাতব কাঠামোর কিছু অংশ দুমড়ে-মুচড়ে গেছে। প্রকাশিত প্রতিবেদনে ভবনটির নাম সরাসরি না লেখা হলেও যুক্ত ছবির মাধ্যমে সেটি পিআইএফ টাওয়ার বলে শনাক্ত করা গেছে।
কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত এই ভবনে হামলার ঘটনায় আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে জানায়, দিনের শুরুতে ভোরের দিকে এবং পরে সন্ধ্যায় দুই দফায় পিআইএফ টাওয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
একই বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, বৃহস্পতিবারের অভিযানে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমান ঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও আঘাত হানা হয়েছে। যদিও এসব স্থাপনায় হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চয়তা মেলেনি।
রয়টার্সের খবরে স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে রিয়াদের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এর আগে ৮ নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর কার্যালয়ে হামলা চালিয়েছিল হুথিরা। দুই সপ্তাহ না পেরোতেই দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় আঘাত হানল ইরানসমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী।
গত সেপ্টেম্বর মাস থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার এবং সৌদি আরবের সঙ্গে হুথিদের বিরোধ নতুন করে তীব্র রূপ নিয়েছে। এরপর থেকেই সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করছে বিদ্রোহীরা।
অন্যদিকে ইয়েমেনি বাহিনীর সঙ্গে যৌথভাবে হুথিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সৌদি-ইয়েমেন সামরিক জোট। হুথিদের নিয়ন্ত্রণাধীন বার্তা সংস্থা সাবাহ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে, যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
চলমান এই সংঘাত সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার ও বৈচিত্র্যকরণের মহাপরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যেখানে দেশটি তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে।
ইয়েমেন সংঘাত নতুন করে শুরুর পর তৃতীয়বারের মতো প্রকাশ্য সফরে এসে বুধবার রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক করেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
সৌদি কৌশলগত অবস্থান সম্পর্কে অবগত দুইজন মার্কিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রিয়াদ মনে করছে এই সংঘাত আরও ছয় মাস দীর্ঘায়িত হতে পারে। বিষয়টির সঙ্গে পরিচিত তৃতীয় একটি সূত্রও এই মূল্যায়নের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্র : রয়টার্স