মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের লেভেল ফোর বা সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে গোটা বিশ্বের মোট ২৩টি দেশ।

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা
নিরাপত্তা সংকটের কারণ দেখিয়ে এবং জরুরি মুহূর্তে নাগরিকদের সাহায্য করার ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতার বিষয়টি স্পষ্ট করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি রাষ্ট্রে যাতায়াতের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এই রাষ্ট্রগুলোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ স্তরের ভ্রমণ সতর্কতা বলবৎ রাখা হয়েছে। সোমবার ৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই নির্দেশনা প্রকাশ্যে আনে। যে ছয়টি দেশের কথা বলা হয়েছে সেগুলো হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেন।

মূলত এই অঞ্চলগুলোতে লেভেল ফোর বা সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে। যার সুস্পষ্ট অর্থ হলো, যেকোনো অবস্থাতেই এসব রাষ্ট্রে যাতায়াত থেকে বিরত থাকতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বার্তায় জানানো হয়, উল্লেখিত অঞ্চলগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ। এ কারণে কোনো অজুহাতেই সেখানে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই ছয়টি দেশ ছাড়াও বর্তমানে বিশ্বের আরও বেশ কয়েকটি রাষ্ট্রকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে মার্কিন প্রশাসন। এর মধ্যে রাশিয়া, ইউক্রেন, আফগানিস্তান, সুদান এবং দক্ষিণ সুদানের মতো রাষ্ট্রগুলো রয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের লেভেল ফোর বা সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে গোটা বিশ্বের মোট ২৩টি দেশ।