বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
সকল বিভাগ

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১

দুর্ঘটনার পরপরই আগুনে দগ্ধ ও বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১
মিসরের রাজধানী কায়রোর একটি জনবহুল মহাসড়কে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার উল্টে গিয়ে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ২১ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়াররাক অঞ্চলের রিং রোডে এই বিপর্যয় ঘটে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতাহতের এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্যাংকারটি সড়কে উল্টে যাওয়ার পর এর ভেতরের জ্বালানি ছিটকে আশপাশের গাড়িগুলোর ওপর পড়ে এবং মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে মহাসড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে রাতের আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।

দুর্ঘটনার পরপরই আগুনে দগ্ধ ও বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। দ্রুত উদ্ধার তৎপরতা ও জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে সংশ্লিষ্ট মহাসড়কটি পুনরায় যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এই প্রাণঘাতী দুর্ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। এ ছাড়া আগুনে পুড়ে যাওয়া নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র আল-আহরাম তদন্তকারী সূত্রের বরাতে জানিয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ওই ট্যাংকারটি মহাসড়ক অতিক্রম করার সময় হঠাৎ সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এতে আকস্মিক আতঙ্কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাংকারটি সড়ক বিভাজক টপকে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গেই বিস্ফোরণসহ আগুন ধরে যায়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে মিসরে বেশ কিছু প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অপরিকল্পিত আবাসন ব্যবস্থা, দুর্বল ও জরাজীর্ণ অবকাঠামো এবং দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী বাহিনীর পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে এ ধরনের বিপর্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

পাশাপাশি দেশটিতে সড়ক দুর্ঘটনার হারও অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং ট্রাফিক বিধিমালা লঙ্ঘনকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি তথ্য-উপাত্ত অনুযায়ী, গত বছর মিসরে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যা তার পূর্ববর্তী বছরের তুলনায় কয়েক শ বেশি।