রবিবার, 15 নভেম্বর 2026
সকল বিভাগ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পেছনের কারণ সম্পর্কে মাইক্রোসফটের এক মুখপাত্র স্পষ্ট করেছেন যে, এখানে সাইবার হামলার কোনো প্রমাণ বা আলামত পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়
বিশ্বজুড়ে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিভিন্ন সেবায় এক অপ্রত্যাশিত ও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ এবং টিমস-এর মতো অত্যন্ত জনপ্রিয় সেবাগুলো ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন বিশ্বের লাখ লাখ গ্রাহক। তবে বর্তমান পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার ১৩ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার মাইক্রোসফটের কার্যক্রমে প্রথম এই গোলযোগ দেখা দেয়। এরপর ডাউনডিটেক্টর নামের ওয়েবসাইটে প্রায় এক লাখ ত্রিশ হাজার গ্রাহক তাদের সমস্যার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। আউটলুক ও টিমসের পাশাপাশি মাইক্রোসফটের অন্যান্য সেবা যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সহকারী কোপাইলটও এই বিপর্যয়ের শিকার হয়। পরবর্তীতে অভিযোগের মাত্রা কমে ১৩ হাজারের কাছাকাছি নেমে আসলেও বহু গ্রাহক তাদের ইনবক্সে প্রবেশ করা কিংবা ই-মেইল আদান-প্রদানের ক্ষেত্রে জটিলতার কথা উল্লেখ করেন।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পেছনের কারণ সম্পর্কে মাইক্রোসফটের এক মুখপাত্র স্পষ্ট করেছেন যে, এখানে সাইবার হামলার কোনো প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির ধারণা, মূলত সার্ভার-সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণেই এমনটা ঘটেছে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাঠামোগত বেশ কয়েকটি সার্ভার হঠাৎ করেই বিকল হয়ে যায়। এতে করে সচল থাকা অন্যান্য সার্ভারের ওপর বাড়তি চাপ পড়ে এবং নানা সেবায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটতে থাকে। তবে ইতোমধ্যে রিস্টার্ট করা সার্ভারগুলো এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাকি অকার্যকর সার্ভারগুলো মেরামত করার পাশাপাশি বিকল্প নেটওয়ার্কের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জোর চেষ্টা চালানো হচ্ছে। সার্ভারের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাহকরা খুব দ্রুত পুরোপুরি স্বাভাবিক সেবা পাবেন বলে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে।

এদিকে মাইক্রোসফটের এই বৈশ্বিক কারিগরি ত্রুটির নেতিবাচক প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও। ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সংযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে তাদের নতুন সংযোগ স্থাপন এবং বেশ কিছু টুলের ব্যবহার ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় একই ধরনের সংকটের সম্মুখীন হওয়ার কথা জানিয়েছে অ্যানথ্রপিক।

এই বৈশ্বিক সার্ভার বিপর্যয় নিয়ে অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরি নিজস্ব মতামত তুলে ধরেছেন। তিনি জানান, মাইক্রোসফটের নেটওয়ার্ক কনফিগারেশনের কোনো ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মূলত কিছু সার্ভার হঠাৎ কাজ করা বন্ধ করে দিলে সচল সার্ভারগুলোর ওপর ধারণক্ষমতার অতিরিক্ত চাপ পড়ে যায়। এর ফলে একপর্যায়ে সেগুলোও বসে যায় এবং এভাবেই সমস্যাটি ধারাবাহিকভাবে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ে। ভবিষ্যতের জন্য সতর্ক করে তিনি বলেন, নেটওয়ার্কের সেটিংসে যেকোনো পরিবর্তন আনার আগে তা যথাযথভাবে পরীক্ষা করে নেওয়া অত্যন্ত জরুরি। এর পাশাপাশি যেসব প্রতিষ্ঠান পুরোপুরি ক্লাউড সেবার ওপর নির্ভরশীল, দুর্যোগপূর্ণ মুহূর্তের জন্য তাদের সর্বদা বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থা প্রস্তুত রাখা উচিত।