দেশের সাতটি জেলায় জননিরাপত্তা নিশ্চিত ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষার লক্ষ্যে মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন সদস্য যুক্ত হওয়ায় জেলাটিতে দায়িত্বরত আনসারের সংখ্যা দাঁড়াল ১৫ প্লাটুনে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জের পাশাপাশি গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় চার প্লাটুন করে আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা, মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখা এবং শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন প্রক্রিয়া সচল রাখার উদ্দেশ্যেই এই সদস্যদের মাঠে নামানো হয়েছে।
সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব আরও উল্লেখ করেন, দায়িত্বরত আনসার সদস্যরা নিয়মিত টহল, নির্ধারিত স্থানে অবস্থান এবং ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগম এলাকা ও কৌশলগত পয়েন্টগুলোতে কড়া নজরদারি চালাচ্ছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট এবং ব্যাটালিয়ন অধিনায়কদের সরাসরি তদারকিতে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।