রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

বিদ্যুৎকেন্দ্রসহ কেপিআই স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ বিপিডিবির

দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই) বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সর্বোচ্চ স্তরে জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বিদ্যুৎকেন্দ্রসহ কেপিআই স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ বিপিডিবির
দেশের বর্তমান অস্থির প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অধীনস্থ সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, উপকেন্দ্র, চলমান নির্মাণ প্রকল্প এবং সংরক্ষণাগারসহ স্পর্শকাতর স্থাপনাগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করার তাগিদ দেওয়া হয়েছে। সম্প্রতি সংস্থাটির নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহানের সই করা এক বিশেষ দাপ্তরিক আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি এই আহ্বান জানানো হয়।

দাপ্তরিক ওই আদেশে উল্লেখ করা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলোর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে অতীতে জারি করা সব নির্দেশিকার কার্যক্রম আরও বেগবান করতে হবে। বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ, উপকেন্দ্র, সুইচইয়ার্ড এবং সংবেদনশীল স্থানগুলোতে অননুমোদিত ব্যক্তিদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দিষ্ট কর্মঘণ্টায় দায়িত্বরত জনবল ব্যতীত অন্য কারও এসব সংরক্ষিত এলাকায় প্রবেশের কোনো সুযোগ থাকবে না।

দর্শনার্থী ব্যবস্থাপনার বিষয়ে কঠোর অবস্থান নিয়ে নির্দেশনায় বলা হয়েছে, আগত অতিথিদের দেহ ও সাথে থাকা সামগ্রী মেটাল ডিটেক্টরসহ আধুনিক সরঞ্জামের সাহায্যে নিবিড়ভাবে পরীক্ষা করে পরিচয় যাচাই করতে হবে। জরুরি প্রয়োজনে দায়িত্বশীল কর্মকর্তার তত্ত্বাবধানে ভেতরে ঢোকার অনুমতি মিললেও মূল কেপিআই বা অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনোভাবেই বহিরাগতদের প্রবেশাধিকার দেওয়া যাবে না। পরিচয় নিশ্চিত হওয়ার পর কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলে তার গলায় ভিজিটর কার্ড ঝোলানো বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে আগত ব্যক্তির নাম, পূর্ণ ঠিকানা, সাক্ষাতের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনপত্রের তথ্য রেজিস্টার খাতায় লিপিবদ্ধ রাখতে হবে।

নজরদারি বাড়াতে সব স্থাপনার সিসিটিভি ক্যামেরা ২৪ ঘণ্টা সচল রাখা এবং ধারণকৃত ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় নিজ নিজ পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন করতে হবে। এ ছাড়া স্থাপনাগুলোর সীমানাপ্রাচীরের আশপাশের জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার রাখা, ওয়াচ টাওয়ারে সার্বক্ষণিক প্রহরা নিশ্চিত করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যাগ বা মালামাল নিয়ে ভেতরে ঢোকার ক্ষেত্রেও কঠোর তল্লাশি চালাতে হবে।

অফিস সময়ের পর এবং বিশেষ করে রাতের বেলায় টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তদারককারী কর্মকর্তাদের প্রতিদিনের পর্যবেক্ষণ বিবরণী খাতায় লিখে রাখতে হবে এবং পরদিন তা নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে দিয়ে প্রতিস্বাক্ষর করিয়ে নেওয়ার নিয়ম কঠোরভাবে মানতে হবে। সার্বিক সুরক্ষা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার পাশাপাশি স্থাপনা এলাকায় কোনো অপরিচিত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিষ্ট বাহিনীকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।