মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

আজ শহীদ নূর হোসেন দিবস

১৯৮৭ সালের এই দিনে রাজধানীর তৎকালীন গুলিস্তান জিরো পয়েন্টে (যা বর্তমানে শহীদ নূর হোসেন স্কয়ার নামে পরিচিত) পুলিশের বুলেটে প্রাণ বিসর্জন দিয়েছিলেন অকুতোভয় এই যুবক।

আজ শহীদ নূর হোসেন দিবস
সামরিক স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠার রক্তক্ষয়ী সংগ্রামের অবিস্মরণীয় স্মৃতিবাহী শহীদ নূর হোসেন দিবস আজ মঙ্গলবার (১০ নভেম্বর)।

১৯৮৭ সালের এই দিনে রাজধানীর তৎকালীন গুলিস্তান জিরো পয়েন্টে (যা বর্তমানে শহীদ নূর হোসেন স্কয়ার নামে পরিচিত) পুলিশের বুলেটে প্রাণ বিসর্জন দিয়েছিলেন অকুতোভয় এই যুবক।

সেদিন তিনি রাজপথে নেমেছিলেন এক ব্যতিক্রমী প্রতিবাদ নিয়ে। নিজের উদোম বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’—এই ঐতিহাসিক স্লোগান ধারণ করে মিছিলে অংশ নেন তিনি। তার এই সাহসী পদক্ষেপ এবং পরবর্তীতে পুলিশের গুলিতে শাহাদাত বরণের ঘটনা স্বৈরাচার হঠাও আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছিল। এই যুগান্তকারী আত্মদানের কারণে দিনটিকে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও স্মরণ করা হয়।

কেবল নূর হোসেনই নন, ১৯৮৭ সালের সেই উত্তাল ১০ নভেম্বরে প্রাণ হারান নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার কৃষক নেতা আমিনুল হুদা টিটো। এই বীর শহীদদের ঝরা রক্তে সেদিনের স্বৈরাচার পতন আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। সেই ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন, যার মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ স্বৈরশাসনের।

তবে এই দিনটিকে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে পালন করে থাকে জাতীয় পার্টি। ১৯৮৬ সালের ১০ নভেম্বর দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ এক ভাষণের মাধ্যমে দেশ থেকে সামরিক শাসন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই স্মৃতিকে ধারণ করে দিনটিকে তারা নিজেদের মতো করে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে উদযাপন করে থাকে।

ঐতিহাসিক এই দিনটি স্মরণে মঙ্গলবার সকাল থেকেই গুলিস্তানের শহীদ নূর হোসেন চত্বরে নানা রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি বিকেল চারটায় তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।