রাশিয়া এবং ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ধারাবাহিক ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। হামলার মূল লক্ষ্যবস্তুর মধ্যে অনলাইন কেনাকাটার মাধ্যম ওজোনের একটি গোডাউন এবং একটি শিল্প কারখানা রয়েছে।
দীর্ঘায়িত হতে থাকা যুদ্ধের প্রেক্ষাপটে উভয় পক্ষই প্রতিপক্ষের অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে হামলা জোরদার করেছে। এর আগের দিন ইউক্রেনের একটি বিপণিবিতানে রুশ ড্রোনের আঘাতে ১৬ জন প্রাণ হারান এবং অনেকে আহত হন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক অবকাঠামোয় ইউক্রেনের এসব হামলা পাল্টা ব্যবস্থার নতুন পথ খুলে দিয়েছে। কিইভ জানিয়েছে, রাশিয়ার যুদ্ধ পরিচালনা তহবিলের পথ বন্ধ করতেই দূরবর্তী আর্থিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ফরাসি প্রশাসন কিইভকে অতিরিক্ত প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।
সামারা অঞ্চলের স্থানীয় প্রশাসন জানায়, নভোকুইবিশেভস্ক শহরের একটি শিল্প স্থাপনায় চালিত হামলায় এক প্রবীণ নারী প্রাণ হারান। কিইভ সামরিক বাহিনীর দাবি, তারা ওই অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। একই অঞ্চলের চাপায়েভস্ক শহরে অনলাইন ই-কমার্স ওজোনের গোডাউন আক্রান্ত হলে সাময়িকভাবে সেখানে পার্সেল আদান-প্রদান স্থগিত ঘোষণা করা হয়।
আঞ্চলিক কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, আজভ সাগর সংলগ্ন ইয়েইস্ক বন্দরে দুই শিশুসহ ৩ জন এবং সীমান্ত সংলগ্ন বেলগোরোদে ২ জন নিহত হন। এ ছাড়া ক্রিমিয়ার সেভাস্তোপলে একটি গণপরিবহনে ড্রোন আঘাত হানলে ২ জন এবং লুহানস্কে রুশ সমর্থিত কর্তৃপক্ষের হিসেবে ২ জন প্রাণ হারান। হামলা চলাকালে প্রতিরক্ষাব্যবস্থা চার শতাধিক ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর।