প্রতিপক্ষকে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে এবং আঞ্চলিক পর্যায়ে তাদের সামরিক সক্ষমতা ও অস্ত্রভাণ্ডার সম্পর্কে তেহরানের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।
পাশাপাশি যেকোনো বৈরী পরিস্থিতিকে পূর্ণমাত্রার হুমকি হিসেবে বিবেচনা করে ইরান সর্বদা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাসিজি শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে আইআরজিসির এই মুখপাত্র মন্তব্য করেন, প্রতিপক্ষ শক্তিগুলো রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই পরাজয়ের মুখোমুখি হয়েছে। তবে নিজেদের কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা ফের সামরিক অভিযানের পথ বেছে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিজেদের রণপ্রস্তুতির কথা তুলে ধরে জেনারেল মোহেব্বি বলেন, ইরান কোনো সম্ভাব্য ঝুঁকিকে হালকাভাবে দেখে না। সামরিক কৌশলের অংশ হিসেবে তারা যেকোনো আশঙ্কাকে শতভাগ হুমকি হিসেবে মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী প্রতিপক্ষকে মোকাবিলায় শতভাগ প্রস্তুতি বজায় রাখে।
প্রতিপক্ষের সামরিক বিন্যাস সম্পর্কে নিজেদের গোয়েন্দা সক্ষমতার দাবি করে তিনি জানান, এই অঞ্চলে মোতায়েনকৃত বিদেশি সেনাদের সংখ্যা, তাদের আনা যুদ্ধবিমানের ধরন ও সংখ্যা, অস্ত্রের মজুত এবং সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে ইরানের পূর্ণ ধারণা রয়েছে। এমনকি এসব সরঞ্জাম ব্যবহার করে তারা কী ধরনের অভিযান পরিচালনা করতে পারে এবং তাদের সামরিক পরিকল্পনা কী, তাও তেহরানের অজানা নয় বলে তিনি দাবি করেন।
বক্তব্যের শেষাংশে দেশের প্রতিরক্ষা সক্ষমতার ওপর জোর দিয়ে হোসেইন মোহেব্বি বলেন, ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকর ও সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে বিদেশ থেকে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করার প্রয়োজনীয়তা ইরানের নেই।