খেলোয়াড়দের যোগ্য ও নিপুণ করে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা প্রদানে সরকার ধারাবাহিকভাবে তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান, বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রসারে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং উদীয়মান খেলোয়াড়দের সঠিক মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
গত রোববার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় সবুজ সেনা যুব সংঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দল শহীদ জিয়া স্মৃতি ফুটবল ক্লাবের খেলোয়াড়, কোচ ও পরিচালকদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ঢাকা মোহামেডান ও সিলেট মোহামেডানের মধ্যে অতি দ্রুতই একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করা হবে, যেখানে সাম্প্রতিক টুর্নামেন্টে পারফর্ম করা স্থানীয় একাধিক তরুণ খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উপস্থিত ক্রীড়াবিদদের উৎসাহিত করে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়ে তরুণদের এগিয়ে যাওয়া উচিত। স্থানীয় সেরা প্রতিভাদের চিহ্নিত করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়াকেই তারা মূল অগ্রাধিকার হিসেবে দেখছেন।
সংগঠনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা লায়ন আসাদুল হক আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সিলেট শিক্ষক সমিতির বিভাগীয় আহ্বায়ক মো. মনিরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলম ও কোষাধ্যক্ষ মো. ফয়ছল আমিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ।