মধ্যপ্রাচ্যের চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের ওপর পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিষয়টিকে কেন্দ্র করে এক গণমাধ্যমকর্মীর তোলা প্রশ্নকে সরাসরি অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ব পরিস্থিতির বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নিজের অবস্থান স্পষ্ট করেন ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে পারমাণবিক শক্তির মতো মারণাস্ত্র প্রয়োগের কোনো পরিকল্পনা বাতিল করা হচ্ছে কি না—সংবাদকর্মীদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে ট্রাম্প জানান যে সাধারণত এমন নীতিগত বিষয়ে তিনি আগে থেকে মন্তব্য করেন না। তবে তিনি পরিষ্কার ভাষায় হাঁ সূচক জবাব দেন এবং জোর দিয়ে বলেন যে এ ধরণের পদক্ষেপ নেওয়ার কোনো কারণই নেই। সেই সঙ্গে তিনি প্রশ্নটিকে চরম অবান্তর হিসেবে অভিহিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরান ইতিমধ্যে সামরিক দিক থেকে নিজেদের শক্তি হারিয়ে একদম কোনঠাসা অবস্থায় রয়েছে। প্রতিপক্ষ যেখানে অত্যন্ত দুর্বল, সেখানে তাদের বিরুদ্ধে এ জাতীয় ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের প্রশ্ন তোলাটাই ভিত্তিহীন।
উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা চরমে থাকলেও এবং ট্রাম্প ইতিপূর্বে বড় ধরনের সামরিক আঘাত হানার হুঁশিয়ারি দিলেও, পারমাণবিক অস্ত্র প্রয়োগের মতো বিষয় কখনোই ওয়াশিংটনের ভাবনায় ছিল না বলেই তার বক্তব্যে ফুটে উঠেছে।