আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
তিনি জানান, এই কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরেই রোপণ করা হবে প্রায় সাড়ে পাঁচ কোটি বৃক্ষ। বুধবার সকালে মোংলা সরকারি কলেজ প্রাঙ্গণে একটি নতুন বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা তুলে ধরেন।
উদ্বোধনী কার্যক্রম শেষে পরিবেশ প্রতিমন্ত্রী পৌর পানি সরবরাহ প্রকল্পের জলাশয় পাড়ে গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি মোংলার সরকারি টি, এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেন্ট পলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ কার্যক্রমে প্রত্যক্ষ অংশ নেন।
প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেন, নির্দিষ্ট সময়ে ২৫ কোটি বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর যথোপযুক্ত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব চারা বড় হয়ে উঠলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য সুসংহত হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে.এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।