ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ এবং সংঘাত নিরসনে কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে অবশ্যই তাদের ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা উল্লেখযোগ্যভাবে সীমিত করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের কথা নিশ্চিত করেন তিনি।
সাক্ষাৎকারে জেডি ভ্যান্স প্রশ্ন তোলেন, পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো ইচ্ছে যদি না থাকে, তবে ৬০ শতাংশ পর্যন্ত উচ্চমাত্রার পরিশোধিত জ্বালানি মজুত করার যৌক্তিকতা কোথায়। তিনি মন্তব্য করেন, অস্ত্র নির্মাণ না করার সদিচ্ছার বাস্তব প্রমাণ দিতে হলে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথ থেকে তেহরানকে সরে আসতে হবে, যা অত্যন্ত স্পষ্ট ও মৌলিক একটি বিষয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও জোর দিয়ে বলেন, গণবিধ্বংসী অস্ত্র তৈরির লক্ষ্য নেই—ইরানের এমন দাবির সত্যতা প্রমাণের একমাত্র উপায় হলো তাদের পরিশোধন পরিকাঠামো ও সক্ষমতায় দৃশ্যমান কাটছাঁট করা।
কূটনৈতিক আলোচনার পথ উন্মুক্ত রাখার ইঙ্গিত দিলেও ওয়াশিংটন যে তেহরানের কাছ থেকে সুনির্দিষ্ট ও কার্যকর পারমাণবিক ছাড় প্রত্যাশা করছে, তা পরিষ্কার করেন তিনি। কেবল মৌখিক আশ্বাসের ভিত্তিতে কোনো সমঝোতা স্মারক সই হবে না বলেও সতর্ক করে দেন মার্কিন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।