রবিবার, 20 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা: বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যথাযথভাবে রিটটি উপস্থাপন না হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজের আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর মুহাম্মদ আজমী জানান, রিট আবেদনটি সঠিকভাবে করা হয়নি উল্লেখ করে আবেদনকারীর আইনজীবীরাই আগে আদালতের কাছে এটি খারিজের আবেদন করেছিলেন।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মোহাম্মদ ইউনুস ও মো. নুর নবী বুলবুল। তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন সম্প্রতি হাইকোর্টে রিটটি করেন। এতে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করার আবেদন জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে প্রজ্ঞাপনটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারির আবেদনও করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এর আওতায় প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি মিছিল, মিটিং, সমাবেশ ও সম্মেলনের মতো রাজনৈতিক কর্মসূচিও নিষিদ্ধ করা হয়েছে।