শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

“আজ বিচার বিভাগের ইতিহাসে কালো দিন”: শিশির মনির

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জাতীয় সংসদে রহিত করার সিদ্ধান্তকে দেশের বিচার বিভাগের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় বা ‘কালো দিবস’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

“আজ বিচার বিভাগের ইতিহাসে কালো দিন”: শিশির মনির
ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জাতীয় সংসদে রহিত করার সিদ্ধান্তকে দেশের বিচার বিভাগের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় বা ‘কালো দিবস’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় গঠনের রায় ও পরবর্তী আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে শিশির মনির বলেন, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর উচ্চ আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করেছিলেন। সেই রায়ের আলোকেই ৩০ নভেম্বর সচিবালয় অধ্যাদেশ জারি হয় এবং ১১ ডিসেম্বর এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। কিন্তু আজ সংসদে সেই আইনটি বাতিল করার মাধ্যমে মূলত স্বাধীন বিচার বিভাগকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।

উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের পথচলা এভাবে মাঝপথে থামিয়ে দেওয়াকে তিনি অযৌক্তিক বলে দাবি করেন। সরকারের পক্ষ থেকে দেওয়া যুক্তি—আপিল নিষ্পত্তির আগে এই রায় কার্যকর হবে না—এর বিরোধিতা করে তিনি বলেন, ইতিপূর্বে এমন ক্ষেত্রে আমরা স্থিতালাইবস্থা বজায় রাখতে দেখেছি। কিন্তু এখানে আইনটিই বাতিল করে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

অ্যাডভোকেট শিশির মনির আরও প্রশ্ন তোলেন, আইনের মাধ্যমে যে সচিবালয় কাঠামো গড়ে তোলা হলো, তার ভবন, জনবল এবং শুরু হওয়া কাজগুলোর ভবিষ্যৎ এখন কী হবে? তিনি মনে করেন, এই ঘটনা বিচার বিভাগের ইতিহাসে একটি অন্ধকার উদাহরণ হয়ে থাকবে। এর প্রতিবাদে দেশের সকল বিচারক ও আইনজীবীদের কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে শোক প্রকাশের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিচার বিভাগের এই স্বতন্ত্র সচিবালয়কে সচল রাখার ও বর্তমান অবস্থা বজায় রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এই জামায়াত নেতা।