রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ধারাবাহিক জনসভার অংশ হিসেবে আজ সোমবার আটটি স্থানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে গতকাল রোববার তিনি ঢাকার ছয়টি স্থানে জনসভায় অংশ নেন।
বিএনপি সূত্র জানায়, আজ তার নিজ নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। কর্মসূচির শুরু হবে বেলা ১১টায়। এ সময় তিনি ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে এবং বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।
এ ছাড়া বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে, বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বক্তব্য দেবেন।
এর আগে রোববার তারেক রহমান রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক জনসভায় অংশ নেন। সেদিন দুপুর ২টায় ইসিবি চত্বরে, দুপুর ২টা ৪০ মিনিটে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লাল মাঠে (মেট্রো স্টেশনের পাশে), বিকাল সাড়ে ৩টায় মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বক্তব্য রাখেন তিনি।
এ ছাড়া বিকাল ৪টা ২০ মিনিটে মিরপুর মডেল থানার বিপরীতে, বিকাল ৫টা ১০ মিনিটে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।