বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ধর্মপ্রাণ মুসলমানদের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ শুক্রবার দিবাগত মধ্যরাতে। ৪১৯ জন যাত্রী নিয়ে দিবাগত রাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বছরের প্রথম হজ ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যাত্রীদের বিদায় জানাতে এবং যাবতীয় কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

ধর্মপ্রাণ মুসলমানদের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ শুক্রবার দিবাগত মধ্যরাতে। ৪১৯ জন যাত্রী নিয়ে দিবাগত রাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বছরের প্রথম হজ ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যাত্রীদের বিদায় জানাতে এবং যাবতীয় কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৪টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের পথে উড়াল দেবে। এর মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছয়টি ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বা সাউদিয়া তিনটি এবং ফ্লাইনাস তিনটি ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সিগুলোর মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। ইতোমধ্যে হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিতে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে অবস্থান করছে।

দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অবশিষ্ট ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহনের দায়িত্ব পালন করছে। আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এই সময়ের মধ্যে মোট ২০৭টি ফ্লাইটের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

এবারের হজে বিশেষ সংযোজন হিসেবে প্রতিটি হজযাত্রীর জন্য ডিজিটাল পরিচয়পত্র বা নুসুক কার্ড সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি আরবে অবস্থানকালীন সব ধরনের সুযোগ-সুবিধা ও সেবা পাওয়ার ক্ষেত্রে এই কার্ডটি ব্যবহৃত হবে। বেসরকারিভাবে গমনেচ্ছু যাত্রীরা দেশ থেকেই এই কার্ড সংগ্রহ করছেন, তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে পৌঁছে নিজ নিজ হোটেলের লবি থেকে এটি সংগ্রহ করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের যাবতীয় ধর্মীয় আচার সম্পন্ন হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাইয়ের মধ্যে হজযাত্রীদের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি ঘটবে।