ময়মনসিংহ জেলায় আজ শনিবার এক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সফরে তিনি জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন, জলাশয় সংস্কার কার্যক্রমের সূচনা এবং দলীয় সাংগঠনিক প্রতিক্রিয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
সরকারপ্রধানের প্রেস উইং থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ সকাল নয়টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টার দিকে ত্রিশাল উপজেলার বালর ইউনিয়নে পৌঁছাবেন তিনি। সেখানে স্থানীয় ধরার খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকারপ্রধান।
দুপুরের মধ্যাহ্নভোজ ও বিশ্রামের জন্য তিনি ত্রিশালের নজরুল ডাক-বাংলোতে অবস্থান করবেন। পরবর্তীতে বিকেল তিনটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে কবি স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী এই জাতীয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল পাঁচটায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে দলীয় এক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সড়কপথেই ঢাকার উদ্দেশ্যে তার ময়মনসিংহ ত্যাগ করার কথা রয়েছে।