শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আলোচনা সত্ত্বেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত, নিহত ১২

ইউক্রেনে রুশ বাহিনীর রাতভর ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। পাশাপাশি জ্বালানি অবকাঠামো এবং একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য আলোচনার কয়েক দিনের মধ্যেই এই হামলা ঘটল।

আলোচনা সত্ত্বেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত, নিহত ১২
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ বাহিনীর ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। পাশাপাশি জ্বালানি অবকাঠামো এবং একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য আলোচনার কয়েক দিনের মধ্যেই এই হামলা ঘটল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের বগিতে হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারান, জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো।

ঘটনার পর দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “একটি ট্রেনের বগিতে বেসামরিক মানুষ হত্যা করার কোনো সামরিক যুক্তি নেই, এমন কোনো যুক্তি থাকতে পারে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ধোঁয়া ওঠা ট্রেনের বগি দেখা গেছে। পরে জরুরি সেবাগুলো আগুন নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে।

একই সময়ে দক্ষিণের বন্দরনগরী ওডেসায় ৫০টির বেশি রুশ ড্রোনের হামলায় তিনজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। কৃষ্ণসাগর তীরবর্তী এই শহর ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় নিয়মিত রুশ হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে রুশ-ইউক্রেনীয় আলোচনা সত্ত্বেও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত আছে। তীব্র শীতে অনেক ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

জেলেনস্কি তার টেলিগ্রামে লিখেছেন, “রাশিয়ার প্রতিটি আঘাত চলমান কূটনীতিকে ধ্বংস করছে এবং যুদ্ধ শেষ করতে যারা সহায়তা করছে, তাদের প্রচেষ্টাকেও দুর্বল করছে।”

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে বিদ্যুৎ, আলো ও তাপ সরবরাহ ব্যাহত হয়ে লাখো মানুষ বিপাকে পড়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর ১৬৫টি আক্রমণাত্মক ড্রোন ছোড়া হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের একটি অবকাঠামোও আঘাতের মুখে পড়েছে।

ফ্রন্টলাইনে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তারা জাপোরিঝিয়া ও খারকিভ অঞ্চলে আরও দুটি গ্রাম দখল করেছে।

সূত্র: এনডিটিভি