যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমাঞ্চলের একটি দুর্গম এলাকায় চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সেসনা ৪৪১ মডেলের উড়োজাহাজটি আলাস্কার অ্যাংকরেজ থেকে উড্ডয়ন করে দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ৪৫০ মাইল দূরের কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসনের বরাত দিয়ে বলা হয়েছে, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত ওই চার্টার ফ্লাইটে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন।
আলাসকান কমান্ড জানিয়েছে, উড়োজাহাজটি বেসামরিক ঠিকাদারের মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং এতে আটজন কর্মী ছিলেন। দুর্ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের কারও বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত করে।
কমান্ডের বিবৃতি অনুযায়ী, উড়োজাহাজটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবাহিনীর ব্যবহৃত এই রানওয়েটি লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুবিধা দেয়।
তবে কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
দুর্ঘটনার কারণ উদঘাটনে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করবে।
কেপ নিউএনহাম স্থাপনায় কেবল সামরিক বাহিনীর উড়োজাহাজ এবং অনুমোদিত চার্টার ফ্লাইট অবতরণের অনুমতি রয়েছে।