চট্টগ্রামের ফটিকছড়ি কাজীরহাট বড় মাদ্রাসায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বুখারী শরিফ খতম অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জোর দিয়ে বলেছেন, মওদুদীর জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারা নিজেও মওদুদী। তিনি বলেন,
“আমার কাছে এটি নির্বাচন নয়, এটি জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’। সব মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটি কোনোভাবেই জায়েজ নয়।”
বাবুনগরী একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানিয়ে বলেন,
“আমরা শুধু ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছি না, তাকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। যদি আমরা কঠোরভাবে তাদের ভোট থেকে বঞ্চিত করতে না পারি, তারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবে।”
অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ আলেম-ওলামা ও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। বুখারী শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
বক্তারা এ সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ও ইসলামি মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে তাদের মতামতও প্রকাশ করেন।