কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজটি মেটা কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে অপসারণ করেছে।
জামায়াতের কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক বিষয়টি বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন। তিনি জানান, “ক্রমাগত সাইবার হামলা এবং ভুয়া রিপোর্টিংয়ের কারণে পেজটি অপসারণ করা হয়েছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের ফল নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগের প্রভাব।”
এনামুল হক আরও বলেন, “মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি গত কয়েক দিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক এবং সাইবার আক্রমণের শিকার ছিল। মানুষের সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই কাজ করা হয়েছে। তবে ফেসবুক পেজ সরালেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না।”
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেজ পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যে মেটার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলছে। সমর্থকদের ভুয়া আইডি বা গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।