শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

আমরা আগে একাত্তরকে সম্মান করবো, তারপরে সকল কিছু: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনীয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসকে সবার আগে সমুন্নত রাখতে হবে এবং এর যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।

আমরা আগে একাত্তরকে সম্মান করবো, তারপরে সকল কিছু: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনীয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসকে সবার আগে সমুন্নত রাখতে হবে এবং এর যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে পঁচাত্তর, ঊনআশি, নব্বই বা চব্বিশের গণ-অভ্যুত্থানসহ প্রতিটি ঘটনারই গুরুত্ব রয়েছে, তবে একাত্তরের স্থান সবার ঊর্ধ্বে। তিনি আক্ষেপ করে বলেন, কেউ কেউ সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানকে সমান্তরালে উপস্থাপনের চেষ্টা করছেন, যা বাস্তবসম্মত নয়। একাত্তরের ইতিহাস নিজস্ব মহিমায় অনন্য এবং এটি কোনোভাবেই অন্য কোনো ঘটনার বিকল্প হতে পারে না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫শে মার্চ কালরাত্রিতে পাক হানাদার বাহিনী যখন বর্বরোচিত গণহত্যা শুরু করে, তখনই চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বিশ্বজুড়ে এটি আজ স্বীকৃত সত্য এবং দালিলিকভাবে প্রমাণিত যে, তার ঘোষণার মাধ্যমেই মূলত স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে রাজনৈতিক হীনস্বার্থে স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করে একক কৃতিত্ব জাহির করার অপচেষ্টা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বিএনপি কারো সম্মান বা বিজয় ছিনিয়ে নিতে চায় না, বরং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যার যা অবদান তার স্বীকৃতি দিতে বদ্ধপরিকর। বিশেষ করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং সংসদীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। বর্তমান সরকারও সংসদীয় রাজনীতির চর্চা ও আলোচনার মাধ্যমে দেশ গঠনে বিশ্বাসী।

চব্বিশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র-জনতার অদম্য আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্র সংস্কার ও নতুন করে দেশ বিনির্মাণের কাজ এখনো বাকি। চব্বিশের অভ্যুত্থান দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, এখনকার প্রধান কাজ হলো একটি আধুনিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্যে সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।