আঞ্চলিক স্থিতিশীলতা, কূটনৈতিক উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার নিয়ে ফোনে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। আলোচনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকার প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।
ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এ ধরনের কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর অবদান রাখে।
ফোনালাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ইরানকে অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
কাতারের আমির আরও বলেন, বিরোধ নিষ্পত্তি ও বিশ্ব শান্তি বজায় রাখতে দোহার কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত থাকবে।
ফোনালাপের পুরো আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, কূটনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়।