উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে নেমে এসেছে গভীর শোক। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছে বলিউডসহ পুরো সঙ্গীত জগৎ। এই শোকাবহ মুহূর্তে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় শাহরুখ খান লেখেন, ‘আশা ভোঁসলের চলে যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার এক অমূল্য স্তম্ভ ছিল, যা আগামী বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।”
তিনি আরও ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরে লেখেন, ‘তিনি এমন এক প্রতিভা, যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে। সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে রেখেছেন। তাঁকে ভীষণ মিস করব। ওপারে ভালো থাকবেন আশা তাই। আপনাকে অনেক ভালোবাসি।’
শাহরুখ খানের এই বার্তায় প্রমাণিত হয়েছে বর্ষীয়ান এই শিল্পীর প্রতি তার গভীর শ্রদ্ধা ও আবেগঘন সম্পর্ক। প্রায় আট দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে আশা ভোঁসলে ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছেন, যা প্রজন্মের পর প্রজন্মে অনুরণিত হবে।
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গিনেস রেকর্ডধারী শিল্পী। তার মৃত্যুতে সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনে একটি স্বর্ণযুগের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।