রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

আসামে ভারতীয় বিমানবাহিনীর সুখোই–৩০ বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় প্রশিক্ষণ চলাকালে বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

আসামে ভারতীয় বিমানবাহিনীর সুখোই–৩০ বিধ্বস্ত, ২ পাইলট নিহত
ছবিঃ সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় প্রশিক্ষণ চলাকালে বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর। বিমানবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্তের ঘটনায় তারা মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন। আইএএফ-এর সকল সদস্য নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, রাশিয়ার তৈরি দুই আসনবিশিষ্ট এই দূরপাল্লার যুদ্ধবিমানটি জোরহাট বিমানঘাঁটি থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল। পরবর্তীকালে এটি একটি দুর্গম পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা পাহাড়ের দিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ হতে দেখেন এবং সেখানে আগুনের কুণ্ডলী দেখা যায়।

সুখোই সু-৩০ এমকেআই বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি। ১৯৯৭ সালে প্রথম এটি ভারতের আকাশসীমায় অন্তর্ভুক্ত হয়। রাশিয়ার নকশা করা এই বিমানটি এখন ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হাল) লাইসেন্সের আওতায় দেশেই তৈরি করে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ২৬০টিরও বেশি এই মডেলের যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।