মানহানির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে স্থায়ী জামিন মঞ্জুর করেছেন সিরাজগঞ্জের আদালত।
আজ রোববার দুপুরের দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন চৌহালী ও সদর আমলি আদালতে সশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করেন মুফতি আমির হামজা। উভয় পক্ষের শুনানি পর্যালোচনা শেষে আদালতের বিচারক সুমন কুমার কর্মকার তাঁর স্থায়ী জামিনের আদেশ জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ২৭ এপ্রিল উচ্চ আদালত থেকে একটি মামলায় আট সপ্তাহের আগাম জামিন লাভ করেছিলেন আমির হামজা। জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর নিযুক্ত আইনিজীবী অ্যাডভোকেট আবু তালেব এবং মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
মামলার বিবরণী থেকে জানা যায়, দেশের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে নাস্তিক ও ইসলামবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। অভিযোগ আমলে নিয়ে সেদিনই আদালত সমন জারি করে ২১ এপ্রিল আমির হামজাকে সশরীরে হাজিরের নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে গত ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি।
অন্যদিকে, প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামিম খান বাদী হয়ে সদর আমলি আদালতে আমির হামজার বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেছিলেন।