বাগেরহাটে ৯ মাস বয়সী নিজের শিশু সন্তানকে হত্যার পর কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে পুলিশ ওই নারীর ঝুলন্ত মরদেহ এবং মেঝে থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে। নিহত স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী এবং জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে। তাদের একমাত্র সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর স্বর্ণালীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি যশোর কারাগারে বন্দি রয়েছেন। স্বামীর কারাবাস এবং তাকে মুক্ত করতে না পারার দীর্ঘদিনের ব্যর্থতা থেকে স্বর্ণালী চরম মানসিক অবসাদে ভুগছিলেন। নিহতের ভাই শুভ জানান, স্বামীকে অত্যন্ত ভালোবাসতেন স্বর্ণালী। তাকে মুক্ত করার সব চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন এবং সেই হতাশা থেকেই প্রথমে সন্তানকে হত্যা করে নিজে আত্মহননের পথ বেছে নেন।
ঘটনার সময় বাড়িতে সাদ্দামের মা ও বোন উপস্থিত থাকলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ টের পায়নি। স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মেনে নিয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন। এমনকি ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় ও পরিবারের ভাষ্যমতে এটি একটি করুণ আত্মহত্যা ও হত্যাকাণ্ডের ঘটনা বলে মনে হলেও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।