মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিশেষ বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের চলমান অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশ যখন এই বিশেষ দিনটি উদ্যাপন করছে, সেই মুহূর্তে দেশটির জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গভীর শুভেচ্ছা রইল। তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মার্কো রুবিও তাঁর বার্তায় আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ে এবারের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সাম্প্রতিক নির্বাচনের পর দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে তিনি মন্তব্য করেন। এই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসের এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে বলে তিনি মনে করেন।
বিবৃতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আশা প্রকাশ করেছে যে, দুই দেশের এই দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।