চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ আসর সম্পন্ন করে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই রাষ্ট্রীয় সফরে তার সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তারা দালিয়ান ত্যাগ করে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন।
এর আগে, আজ স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোসে’র বার্ষিক অধিবেশনে যোগ দেন বাংলাদেশের সরকারপ্রধান। ১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নসের এই উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
এবারের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং গণমাধ্যম খাতের প্রায় ১,৭০০ জনের বেশি শীর্ষ প্রতিনিধি ও বিশেষজ্ঞ সমবেত হন।
নীতিনির্ধারকদের মতে, বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের জন্য নতুন বিদেশি বিনিয়োগের দুয়ার উন্মোচন ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরির পাশাপাশি বিভিন্ন উন্নত দেশের সফল অভিজ্ঞতা ও কৌশল গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে। উল্লেখ্য, গত সোমবার রাষ্ট্রীয় সফরে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।