জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদার দলবদল। বিএনপির রাজনীতি ছেড়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামের সদস্যপদ গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে আরও ২৪ জন নেতাকর্মীও দলটিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে সদস্যপদ নেন সুজাউদ্দিন সাদা।
চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে বক্তব্যে সুজাউদ্দিন সাদা বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই তিনি জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন। তিনি আরও জানান, সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে তিনি সর্বদা চেষ্টা করবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা।