ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে দেশের প্রতিটি পরিবারে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে বলে জানিয়েছেন দলটির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-৫ আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান। এই কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি রাষ্ট্রীয় সুবিধা পাবেন বলে উল্লেখ করেন তিনি।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট পৌর শহরের মোজাহার আলী প্রধান কমপ্লেক্সে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মাসুদ রানা প্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, কেবল ফ্যামিলি কার্ডই নয়, কৃষি খাতের উন্নয়নে কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ নাগরিকদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে তাদের দলের। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন অনুযায়ী বিদেশে নাগরিকরা যেভাবে সরকারি অনুদান পান, বাংলাদেশেও সেই সংস্কৃতি চালু করা হবে। আগামীতে প্রতিটি পরিবারের নারী অভিভাবক বা মায়ের নামে বরাদ্দকৃত ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা নিশ্চিত করা হবে।
নারীদের ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার বিষয়ে তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান সবসময় নারী সমাজের উন্নয়নের কথা ভাবছেন। অতীতে কোনো সরকার নারীদের জন্য এমন যুগান্তকারী পদক্ষেপ নেয়নি যা আগামীতে বিএনপি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তার দাবি, রাষ্ট্রীয় ক্ষমতায় পরিবর্তনের পর দেশের নারী সমাজই সবচেয়ে বেশি সুফল ভোগ করবে।
উক্ত কর্মশালায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা এই কর্মসূচিতে অংশ নেন।