শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বিএনপি নেতার ওপর হামলার বিচার দাবি মৎস্যজীবীদের

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকা।

বিএনপি নেতার ওপর হামলার বিচার দাবি মৎস্যজীবীদের
ছবিঃ সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকা।

শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীরা এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত এই নৃশংস হামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তারা বলেন, নাসির মল্লিককে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল, যার ফলে তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। অবিলম্বে মামলার সকল আসামিকে আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি পাড়েরহাট মৎস্য বন্দর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জিয়ানগরের পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে নাসির মল্লিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় তাকে ও তার সঙ্গে থাকা ভাতিজা তথা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এই ঘটনায় নাসিরের মেয়ে শবনম নাফিসা বাদী হয়ে ইন্দুরকানী থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পরপরই স্থানীয়রা চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আকন, মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন গাজী, বিএনপি নেতা মিলন মল্লিক ও রবিউল মল্লিকসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। মামলার বর্তমান অবস্থা সম্পর্কে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।