নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিককে (সাজু) দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপি দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (মিরপুর, শাহ আলী ও দারুস সালাম) আসনে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করেছে। এস এ সিদ্দিক সাজু এই আসন থেকে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন এবং ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পান।
রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এস এ সিদ্দিককে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে সরাসরি নির্বাচনের কথা উল্লেখ করা হয়নি, তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, সানজিদা ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়াতেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়া বিএনপির জন্য একটি প্রতীকী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। কিন্তু নিজ দলের থানা পর্যায়ের শীর্ষ নেতার বিদ্রোহী প্রার্থী হওয়া দলের অভ্যন্তরে অস্বস্তি সৃষ্টি করে। এই বহিষ্কারের মাধ্যমে বিএনপি তার নেতাকর্মীদের কড়া বার্তা দিল যে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ নিচ্ছে। সারা দেশেই বিদ্রোহীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে দলটির হাইকমান্ড।