বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

বিএনপির দুই নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার মুখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির দুই নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার মুখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার এবং সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল।

পাঁচবিবি পৌর বিএনপির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলকে মাদক সদৃশ বস্তু সেবন করতে দেখা গেছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, ফেসবুকে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের মাদক সেবনের ভিডিও দেখা গেছে। এটি দলীয় শৃঙ্খলাপরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ড। এ কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।