মৌলভীবাজার-১ আসনের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সাবেক প্রতিমন্ত্রীর কন্যা হিসেবে তার এই মনোনয়নকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর নাম নিশ্চিত করা হয়।
তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) এলাকার প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা হিসেবে দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতিতে তার পরিচিতি রয়েছে। মনোনয়ন ঘোষণার পর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমার পিতা যেভাবে আমৃত্যু এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, আমিও তাঁর আদর্শকে লালন করে বড়লেখা, জুড়ী তথা পুরো জেলার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। এই পথচলায় আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
এদিকে বড়লেখা এলাকায় প্রথমবারের মতো কোনো নারী প্রতিনিধি সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন—সব জায়গাতেই এখন জহরত আদিবকে ঘিরে আলোচনা চলছে। স্থানীয়দের মতে, এই মনোনয়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি শূন্যতা পূরণ হয়েছে।