ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারা নিজ নিজ দলীয় পদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
সংসদীয় রীতি ও পদের নিরপেক্ষতা বজায় রাখতেই তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। আজ সকালে অধিবেশন শুরুর পর কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। এর পরপরই দলের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তারা সংসদীয় কার্যক্রম পরিচালনায় পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় স্পিকারের পদটি দলমতের ঊর্ধ্বে রাখার যে ঐতিহ্য রয়েছে, সেটির প্রতি শ্রদ্ধা জানিয়েই তারা আনুষ্ঠানিকভাবে দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।