রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বড় সিদ্ধান্ত নিল জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচনে অনিয়মের প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ।

বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বড় সিদ্ধান্ত নিল জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচনে অনিয়মের প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ।

গত অক্টোবরের বিতর্কিত নির্বাচনের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে।

মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে নির্বাচনে স্বচ্ছতার ঘাটতির প্রমাণ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিসিবির বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটির তালিকা এবং তদন্ত প্রতিবেদনও আইসিসির কাছে পাঠানো হয়েছে।

দুই দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, বিসিবির নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না। এমনকি বর্তমান পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যও তদন্ত কমিটির কাছে অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন।

গুঞ্জন ছিল ১৫ সদস্যের কমিটি হতে পারে, তবে শেষ পর্যন্ত তিন মাসের জন্য ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

উল্লেখ্য, অক্টোবরের ওই নির্বাচনের পর ২৫ সদস্যের বোর্ড নিয়ে কার্যক্রম শুরু করলেও শুরু থেকেই তা নড়বড়ে অবস্থায় ছিল। পরে বিভিন্ন কারণে সাতজন পরিচালক পদত্যাগ করলে বোর্ডে সক্রিয় সদস্য সংখ্যা নেমে আসে ১৭ জনে। দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এবং সংকট গভীর হওয়ায় শেষ পর্যন্ত এনএসসির হস্তক্ষেপে পুরো পর্ষদই বিলুপ্ত করা হলো।