বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

বিশ্বজুড়ে ঈদের তারিখ ঘোষণা, কোথায় কবে উদযাপন

পবিত্র হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ঈদুল ফিতর উদযাপনের তারিখ চূড়ান্ত করেছে। ভৌগোলিক অবস্থান ও চাঁদ প্রত্যক্ষ করার সময়ের পার্থক্যের কারণে এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালিত হচ্ছে। আফগানিস্তানে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন শুরু হলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।

বিশ্বজুড়ে ঈদের তারিখ ঘোষণা, কোথায় কবে উদযাপন
ছবিঃ সংগৃহীত

পবিত্র হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ঈদুল ফিতর উদযাপনের তারিখ চূড়ান্ত করেছে। ভৌগোলিক অবস্থান ও চাঁদ প্রত্যক্ষ করার সময়ের পার্থক্যের কারণে এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালিত হচ্ছে। আফগানিস্তানে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন শুরু হলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশে নির্দিষ্ট সময়ে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ৩০টি রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কও জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব বিশ্লেষণ করে শুক্রবারই ঈদের দিন ধার্য করেছে। অন্যদিকে আবুধাবির খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে শাওয়াল মাসের চাঁদের ছবি ধারণ করা হয়েছে, যা এই সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া অস্ট্রেলিয়া এবং নাইজেরিয়াতেও শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। নাইজেরিয়া সরকার এই উপলক্ষে ১৯ ও ২০ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আফগানিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, দেশের ফারাহ, হেলমান্দ ও ঘোর প্রদেশে চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার থেকেই সেখানে উৎসব শুরু হয়েছে। এই বিশেষ দিনটি উপলক্ষে দেশটির সরকার কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পাশাপাশি অনেকের সাজা মওকুফ করেছে। অন্যদিকে সিঙ্গাপুরে বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ পালিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়, সেই হিসেবে শনিবার দেশে ঈদুল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা স্থানীয় প্রশাসন বা নির্দিষ্ট ফোন নম্বরে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ করা হয়েছে।