ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে অংশগ্রহণের স্বপ্ন পূরণে লড়ছেন। ক্যারিয়ারের শেষবেলায় এসে ফুটবলের সবচেয়ে বড় আসরে নিজের জায়গা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সান্তোস ফরোয়ার্ড। সেই লক্ষ্য পূরণের অংশ হিসেবে সম্প্রতি আবারো তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, নেইমার হঠাৎ করেই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। কোপা সুদামেরিকানায় কুয়েঙ্কার বিপক্ষে সান্তোসের ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ক্লাবটির কোচ কুকা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক বিরতি চলাকালীন নেইমারের হাঁটুতে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মূলত অপারেশনের পরবর্তী ধকল কাটিয়ে উঠতে এবং পুরোপুরি সেরে ওঠার জন্য গত কয়েকদিন তিনি অনুশীলনে যোগ দেননি।
ব্রাজিলিয়ান ঘরোয়া লিগের মৌসুম শেষ হওয়ার পরপরই চিকিৎসকদের পরামর্শে নেইমার এই জরুরি পদক্ষেপ নেন। প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যুকে পুনরায় শক্তিশালী করতে এবং সংযোগস্থলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবার ‘প্লাটিলেট সমৃদ্ধ প্লাসমা’ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কয়েক মাসের ব্যবধানে এটি তার দ্বিতীয় দফায় অপারেশন থিয়েটারে ফেরা।
জাতীয় দলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থেকেই নেইমার আন্তর্জাতিক বিরতির সময়টিকে চিকিৎসার জন্য বেছে নিয়েছেন। লক্ষ্য একটাই—আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের আগে নিজেকে শতভাগ ফিট হিসেবে প্রমাণ করা। কোচ কার্লো আনচেলত্তির চূড়ান্ত ২৬ জনের স্কোয়াডে জায়গা করে নিতে এবং নিজের ফিটনেস নিয়ে কোচের আস্থা অর্জন করতে নেইমার এখন একটি বিশেষ পুনরুদ্ধার কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছেন।